গৌরীপুরে যাত্রীবাহী ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত আহত ৩৫

কর্তৃপক্ষের গাফিলতিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে হোম সিগন্যালে গত শনিবার ময়মনসিংহ-ভৈরবগামী যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারণে ভৈরব, জারিয়া, মোহনগঞ্জ, ময়মনসিংহ ৪টি লাইনে প্রায় ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রেল সূত্রে জানা যায়, ময়মনসিংহ স্টেশন থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনের চালক রেড সিগন্যাল অমান্য করে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল অতিক্রম করার সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। স্থানীয় ট্রেনের পরিচালক জানিয়েছেন, ট্রেনের ৫টি বগিতে এ সময় কমপক্ষে সাড়ে ৩শ যাত্রী ছিল। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে কমপক্ষে ৩০/৩৫ জন যাত্রী আহত হয়। স্টেশনের এম এস জানান, রেড সিগন্যাল থাকা সত্ত্বেও চালক ট্রেন না থামিয়ে চালিয়ে আসার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।