সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রংপুরের মেয়র আহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রংপুর সিটি কপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেয়র ঝন্টু নিজস্ব গাড়িতে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় গাড়িটির চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও তার ব্যবসায়ের অংশীদার খাজা টিপু গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শহরের একটি ক্লিনিকে এবং পরে ঢাকায় পাঠায়। সিরাজগঞ্জের স্থানীয় হাসপাতালের চিকিত্সক জানান, দুর্ঘটনায় মেয়রের ডান পা ভেঙে গেছে তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। বঙ্গবন্ধু সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের দ্রুত চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন আছেন।