এমপি রনির শ্বশুর শ্যালক ও ভাইয়ের বিরুদ্ধে গলাচিপায় মামলা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৯
এমপি গোলাম মাওলা রনির শ্বশুর ফজলে আলী খান, শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন খান ও ভাই গোলাম সরোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। গত শনিবার উপজেলার ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা আ.মান্নান হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী নির্যাতনের অভিযোগে গোলাম মাওলা রনি গ্রেফতার হওয়ার পর গত বৃহস্পতিবার উলানিয়া বন্দরে তার সমর্থকদের হামলায় আ.মান্নান, তার স্ত্রী ফাতেমা বেগম, ছেলে মু.মনির হোসেন আহত হন বলে অভিযোগ রয়েছে।
মামলায় অভিযুক্ত মকবুল হোসেন খান জানান, যে দিনের ঘটনা উল্লেখ করে বাদি মামলা করেছে ওই দিন তিনি উলানিয়া বন্দর কিংবা গলাচিপা উপজেলায়ই ছিলেন না।