শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে

শেয়ারবাজারে সূচক আগেরদিনের তুলনায় বাড়লেও লেনদেন হয়েছে চারশ’ কোটি টাকার নিচে। তবে আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে। গত কয়েকদিনের লেনদেন পরিস্থিতি বিশেষণ করে দেখা গেছে, হঠাত্ করে লেনদেনে বড় ধরনের উঠা-নামা হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে অনাস্থা তৈরি করতে পারে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, মার্জিন লোনের চাপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছে না। ফলে বাজারে লেনদেনের গতি উঠা-নামা করছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ২৩৯ টাকা, যা আগেরদিনের চেয়ে প্রায় ১২৬ কোটি ১৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েকদিনের দরপতনের ফলে কিছু কোম্পানি তুলনামূলকভাবে নিম্নমূল্যে চলে আসায় বিনিয়োগকারীদের মধ্যে ওই কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ে আগ্রহ দেখা গেছে। ফলে বাজারের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। এদিকে ঈদ-উল-ফিতর ও বাজারের সার্বিক দিক বিবেচনায় অনেক বিনিয়োগকারীই বিনিয়োগ না করে পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। ফলে লেনদেন কিছুটা বাড়লেও মোট লেনদেনের পরিমাণ চারশ’ কোটি টাকার নিচেই রয়েছে।