ফিরলেন শমী কায়সার!
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২০:২৪
ঈদ এলেই প্রিয় তারকাদের পাওয়া যায় টিভি পর্দায়। অনেকে আবার নিজের গতানুগতিক কাজের বাইরেও নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন উত্সব আয়োজনে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে জিটিভির বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আলাপ’-এ উপস্থাপনা করতে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সারকে। মূলত কর্পোরেট সেলিব্রেটিদের নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত। সব সময় নিজেদের কর্ম নিয়ে ব্যাস্ত থাকেন। কর্মজীবনের বাইরেও তাদের রয়েছে আলাদা এক জীবন। সে জীবনে তারা কেমন, কতটুকু দায়িত্ব পরায়ণ, কতটুকু আনন্দ প্রবণ; এ সব কিছু নিয়ে আড্ডা দিবেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের সাথে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গ্রামীণ ফোনের গণ-যোগাযোগ প্রধান আমান আশরাফ ফায়েজ, মাইন্ড শেয়ারের মহা-ব্যবস্থাপক মোরশেদ আলম, মাত্রার পরিচালক সানাউল আরেফিন।
শমী কায়সারের উপস্থাপনা ও সোহেল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি জিটিভির ঈদ আয়োজনে ঈদের দিন রাত ১২টা ২০মিনিটে জিটিভিতে প্রচার হবে।