হমসে খালিদিয়া দখলে নিচ্ছে সিরীয় সেনাবাহিনী
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:১৭
সিরিয়ার সেনাবাহিনী হমসের খালিদিয়া শহরের বেশিরভাগ এলাকাই দখল করে নিয়েছে। সিরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেছেন, “শহরটির উত্তরাঞ্চলীয় এলাকাটি কেবল বাকি রয়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যেই ওই এলাকা বিদ্রোহী মুক্ত করা হবে”। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শহরের মধ্যে এটি অন্যতম বলে জানিয়েছে গণমাধ্যম ও সরকার বিরোধী আন্দোলনকর্মীরা। সেনাবাহিনী শনিবার থেকে ওই এলাকায় অভিযান শুরু করে। বিদ্রোহীরা একবছরেরও বেশি সময় ধরে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্যান-আরব টিভি স্টেশন আল মায়াদিন জানায়, সরকারি বাহিনী এরই মধ্যে খালিদিয়ার ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শহরটি পুনরায় সরকারের দখলে চলে আসার মধ্যদিয়ে বিদ্রোহীদের সঙ্গে সামপ্রতিক লড়াইয়ে সেনাবাহিনীর ধারাবাহিক জয়েরই প্রতিফলন ঘটছে। সিরিয়ায় ২৮ মাসের লড়াই-সংঘর্ষে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।