গণভোট ও বন্দীমুক্তি

বিতর্কিত প্রস্তাব ইসরাইলি মন্ত্রিসভায় অনুমোদন

ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি করা নিয়ে গণভোট আয়োজনের বিলসহ ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রধানমন্ত্রীর বিতর্কিত প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। -বিবিসি এ খবর দিয়েছে। মন্ত্রিসভায় বন্দীমুক্তির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি। আর বিপক্ষে পড়ে ৭টি ভোট। ২ জন ভোটদানে বিরত থাকে।-খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এ প্রস্তাবের আওতায় শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির সঙ্গে সম্পর্ক রেখে কয়েক মাস ধরে ৪টি পর্যায়ে দীর্ঘদিন ধরে আটক ১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। ইসরাইলিদের ওপর গেরিলা হামলা চালিয়ে ধরা পড়া বেশ কিছু ফিলিস্তিনি ৩০ বছর ধরে বন্দি হয়ে আছে। ২০১০ সাল থেকে বন্ধ হয়ে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা খুব শিগগিরই নতুন করে শুরু করানোর যুক্তরাষ্ট্রের চেষ্টায় সহায়ক পদক্ষেপ হিসাবে বন্দীমুক্তির প্রস্তাবটি অনুমোদন করল ইসরাইলি মন্ত্রিসভা। এর আগে মন্ত্রিসভায় গণভোটের বিল অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় “এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিটি নাগরিকেরই সরাসরি ভোট দেয়া উচিত”। বিলটিতে আরো ‘আশু এবং গুরুত্বপূর্ণ’ অনুমোদন পেতে সরকার পার্লামেন্টকে তাগাদা দেয়ারও চেষ্টা নেবে বলে জানানো হয় বিবৃতিতে। নেতানিয়াহুর কার্যালয় থেকে আরো বলা হয়, “আলোচনার মধ্যদিয়ে যে সমঝোতাই হোক না কেন তা নিয়ে গণভোট করা হবে।”