নানা আয়োজনে আন্তর্জাতিক বাঘ দিবস পালন

বিশ্বের অন্য স্থানের মতই বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক বাঘ দিবস। ‘বাঘ বাঁচান, মায়ের মত সুন্দরবন রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বন বিভাগ সোমবার ঢাকায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। একই কর্মসূচি পালন করে খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ। গতকাল সকালে রাজধানীর দোয়েল চত্বর থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া খুলনা নগরীতে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণে সমাবেশ ও সেখান থেকে পদযাত্রার আয়োজন করা হয়। খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে সরকার ‘বাংলাদেশ টাইগার এ্যাকশন প্ল্যান ২০০৯-১৭’ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টি, বাঘের আক্রমণ থেকে বনসংলগ্ন লোকালয়ের জানমাল এবং মানুষের হাত থেকে লোকালয়ে চলে আসা বাঘ রক্ষায় পরীক্ষামূলকভাবে ৩১টি টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন সংশোধন করে বাঘ হত্যায় শাস্তিও বাড়ানো হয়েছে। আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।