কারখানা মালিককে দশ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। রবিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এই জরিমানা করেন। প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানি শেষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন বড়কুমিরা এলাকায় অবস্থিত কবীর স্টীল রি-রোলিং মিলস লিমিটেডকে এই জরিমানা করা হয়। রি-রোলিং কারখানা হতে নির্গত কালো ধোঁয়া, শব্দ দূষণের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতিসাধনে এই জরিমানা করা হয়। তাছাড়া, কারখানাটিতে কালো ধোঁয়া এবং কারখানা হতে নির্গত ক্ষতিকর বস্তু যাতে পরিবেশে না মিশতে পারে সে জন্য প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়। উল্লেখ্য কারখানাটিতে স্থাপিত বায়ু পরিশোধন যন্ত্র পর্যাপ্ত নয়, ফলে কারখানার সৃষ্ট বায়বীয় বর্জ্য নির্গমন হয়ে আশেপাশে পরিবেশের এবং জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। শুনানিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত মালিক তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।