প্রাইসের অবসর
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৩৭
ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকলেও নামা হচ্ছিল না রে প্রাইসের। টানা তিন ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করেছে দল। তাই শেষ দুটি ম্যাচের আনুষ্ঠানিকতা রক্ষার কোনো মানে দেখছেন না এই বাঁহাতি স্পিনার। প্রায় ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন তিনি।
৩৭ বছর বয়সী এই স্পিনার রঙিন জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে। দলের সঙ্গে এবার থেকেও নামা হচ্ছিল না। শীর্ষস্থানীয় ক্রিকেট ওয়েবসাইটকে প্রাইস জানালেন, ‘অবসর নেয়ার জন্য আমি আমার চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। কিন্তু আর নয়, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বুলাওয়েতে দলের সঙ্গে যাচ্ছি না আমি।’
১০২ ওয়ানডেতে ১০০ উইকেট নেয়া প্রাইস জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ নেমেছিলেন গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। ভারতের বিশ্বকাপ ক্রিকেটে নয় উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
অধিনায়ক ব্রেন্ডন টেলর এই খবর নিশ্চিত করেছেন, ‘প্রাইস অবসর নিয়েছেন। তার অভিজ্ঞতা আমরা অনেক মিস করব। তবে তরুণ স্পিনারদেরও সুযোগ আসবে।’
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে পিছিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়ের মাঠে শেষ দুটি ম্যাচ খেলবে তারা।