কোন ব্যক্তি বা দলের জন্য নির্বাচন বসে থাকবে না : নাসিম
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। বিএনপিকেও ষড়যন্ত্র খোঁজার অভ্যাস ত্যাগ করে নির্বাচনী প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ব্যক্তি বা দলের জন্য নির্বাচন বসে থাকবে না। আর নির্বাচন বানচালের ক্ষমতাও কারও নেই। বিএনপি-জামায়াতের যে কোন হুমকি রাজপথে মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের আছে।
সোমবার বিকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শালগ্রাম হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।