লোহাগাড়ায় জমে
উঠেছে ঈদ বাজার
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৭
ঈদ মানে আনন্দ ও খুশি। এ খুশিতে শিশু থেকে শুরু করে সকলেরই নতুন জামা-কাপড়ের প্রতি আগ্রহ থাকে। সামর্থ্য অনুযায়ী সকলেই সে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে চেষ্টা করেন। কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে বিস্তর তফাত।
ঈদ সামনে রেখে মার্কেটগুলোর দোকানে রয়েছে নতুন নতুন দেশি-বিদেশি হরেক রকম জামা-কাপড়। লোহাগাড়া উপজেলা সদর বটতলী শহর ও পদুয়া তেওয়ারী হাটে রয়েছে একাধিক মার্কেট। এ শহরের লোহাগাড়া শপিং সেন্টার, স্টার সুপার মার্কেট, সুপার মার্কেট, কর্ণফুলী সিটি, মোস্তফা সিটি, চৌধুরী বেষ্ট প্লাজা, নিউ মার্কেট, বদিউর রহমান মার্কেট, এম. কে শপিং সেন্টার, এম. রহমান মার্কেট এবং পদুয়া তেওয়ারী হাটের সিকো মার্কেট, শপিং কমপ্লেক্স, সেভেন ষ্টার মার্কেটে বেচাবিক্রি জমে উঠেছে। শিশু পুরুষ মহিলা পছন্দের কাপড়-চোপড়, প্রসাধনীসামগ্রী ও জুতা-স্যান্ডল দোকানগুলোতে ভীড় বেশি।
একজন মহিলা ক্রেতা জানান, তিনি প্রায় ২২ হাজার টাকার কাপড় ক্রয় করেছেন। মূল্য পূর্বের তুলনায় বেশি। মার্কেটগুলোতে টাঙ্গাইলের সূতি, জামদানি, জর্জেট ও সিলকের শাড়ির চাহিদা বেশি। তবে শিশু ও মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারা জানান, ধনী এবং প্রবাসী ঘরের পরিবার-পরিজন কেনাকাটায় খুবই ব্যস্ত। স্বল্প বেতনভোগী ও খেটে খাওয়া মানুষগুলোকে আপাতত কেনাকাটায় তেমন দেখা যাচ্ছে না।