রাজশাহীতে ইন্স্যুরেন্স অফিস
বন্ধ, কর্মকর্তারা উধাও!
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৭
গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধু বীমা প্রকল্পের অফিস গুটিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উধাও হয়েছেন কর্মকর্তারাও। লক্ষাধিক গ্রাহকের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, গ্রাহকদের টাকা ফেরত পেতে তারা কোম্পানির মাঠকর্মী ও কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। গ্রাহকদের টাকা ফেরত না দিতে পেরে পালিয়ে বেড়াচ্ছেন কোম্পানির হাজার হাজার মাঠকর্মী ও শাখা কর্মকর্তারা। রাজশাহী মহানগরীর শাহ মুখদুম থানা শাখার ব্যবস্থাপক আজিবার রহমান বলেন, ১৯৯৯ সালে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধু বীমা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। মহানগরীর চার থানার চারটি শাখার মাধ্যমে এর গ্রাহক সংখ্যা প্রায় ২ হাজার ৬০০। তারা ১০ বছর মেয়াদে সঞ্চয়ী হিসাব খুলে টাকা জমা দেন। ইতোমধ্যে প্রায় ৩০০ গ্রাহকের টাকা জমার মেয়াদ শেষ হয়েছে। কোম্পানী গত জানুয়ারি থেকে টাকা জমা নেয়া বন্ধ করলেও এখন পর্যন্ত কারো টাকা ফেরত দেয়নি। রাজশাহী বিভাগীয় ইনচার্জ আসাদ হোসেন বলেন, গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য কোম্পানির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোম্পানি থেকে অফিস ভাড়া দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। সে কারণেই আঞ্চলিক অফিসটি বন্ধ করে দেয়া হয়েছে।