ছাত্রলীগ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির পাল্টাপাল্টি মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচ এম আরিফুজ্জামান শামীম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আব্দুল খালেক তালুকদার একে অপরের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন। ছাত্রলীগ সভাপতির অভিযোগে জানা গেছে, উপজেলার বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোত্সাহী পদে এইচ এম আরিফুজ্জামান শামীম ও মহিলা পদে রনজিনা বেগমকে নিয়োগের জন্য সংসদ সদস্য সুপারিশ করেন। প্রধান শিক্ষক ১৬ জুলাই এইচ এম আরিফুজ্জামান শামীমকে সভাপতি করে ম্যানেজিং কমিটি ঘোষণা করেন। এতে সাবেক কমিটির সভাপতি ডা. আব্দুল খালেক তালুকদারসহ সহযোগীরা ঐ কমিটি বাতিলের জন্য চাপ সৃষ্টি ও হুমকি ধামকি দেয়। এ হুমকির প্রেক্ষিতে ১৭ জুলাই প্রধান শিক্ষক মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ কমিটি জমা না দেয়ার জন্য তারা উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসারকে চাপ প্রয়োগ করে। এতে ব্যর্থ হয়ে তারা সংসদ সদস্যের ও প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে তাদের মনোনীত কমিটি মনোনয়নের চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রলীগ সভাপতি এইচ এম আরিফুজ্জামান শামীম বাদি হয়ে ডাঃ আব্দুল খালেক তালুকদারসহ ৫ জনের বিরুদ্ধে ২৭ জুলাই মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।