চাটখিলে প্রবাসী স্বামীকে
অচেতন করে স্ত্রী উধাও
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৯
চাটখিলে পরকীয়া প্রেমের টানে সদ্য প্রবাস ফেরত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার, দেশি-বিদেশি টাকা মূল্যবান কাপড়-চোপড়সহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে এক গৃহবধূ উধাও হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে রবিবার চাটখিল থানায় জি.ডি করা হয়। জানা যায়, উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের আবুধাবি প্রবাসী মো.শওকত আলীর সঙ্গে একই উপজেলার হোসেনপুর গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে শামীমা আক্তার প্রিয়ার ৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শওকত আলী জানান, তিনি প্রবাসে থাকাকালীন প্রিয়া তার বাবার বাড়িতে বসবাস করার সময় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শওকত আলী গত ৩ জুলাই দেশে ফিরে আসলে প্রিয়াও স্বামীর বাড়িতে আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রিয়া তার স্বামীকে খাবারের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গভীর রাতে ৭ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, ৪ হাজার দিরহাম, নগদ ২৫ হাজার টাকা, মূল্যবান কাপড়-চোপড়সহ ৫ লাখ টাকার মালামাল ও শিশুকন্যাকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় শওকত ও তার পরিবারের লোকজন বিস্ময়ে হতবাক।