জিমিকে হুমকি দিয়েছিলেন দোলন!

জাতীয় হকি দলের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে এসএমএস পাঠিয়ে হুমকি দেয়া লোকটির সন্ধান মিলেছে। গতকাল দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছে, সাবেক হকি খেলোয়াড় শহিদুল্লাহ দোলন এই কাজটি করেছেন। রবিবার রাতে ফেডারেশন কার্যালয়ে গিয়ে দোলন একটি আবেদন জমা দিয়ে নিজের এই কাণ্ডের কথা স্বীকার করেছেন। এই আবেদনপত্রের অনুলিপি গতকাল সাংবাদিকদের দেওয়াও হয়েছে। আবেদনে দোলন লিখেছেন, তিনি আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন। সবার কাছে ক্ষমা চেয়েছেন আবাহনীর হকি কমিটির সাথে জড়িত এই সাবেক খেলোয়াড়। ফেডারেশন কোনো শাস্তি দিলে তিনি মাথা পেতে নেবেন। দোলন কেন এমন একটি কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠলে হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘রহমতের উপর দোলন ক্ষুব্দ। সে জেদ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।’ এ প্রসঙ্গে জিমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আইনের কাজ আইন করবে। আমার এখানে কিছু বলার নেই।’