‘মরিনহোর সাথে দ্বন্দ্ব নয়’

ইউরোপিয়ান ফুটবলে কোচদের মধ্যে কথার লড়াই নতুন কোন ঘটনা নয়। আর ইংলিশ প্রিমিয়ার লিগে সেটা এখন অনেকটা নিয়মেই পরিণত হয়েছে। তবে, এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড মোয়েস খানিকটা উল্টা সুরেই কথা বললেন। তিনি জানালেন, তার সাথে চেলসির কোচ হোসে মরিনহোর কোন দ্বন্দ্ব নেই, ‘ হোসে (মরিনহো) একজন উঁচু মানের কোচ। প্রিমিয়ার লিগে সত্যিই সে অনেক ভাল করছে। শেষবার চেলসি থেকে যখন তাকে ছাঁটাই করা হল, তখন আমি তাকে একটা চিঠি লিখেছিলাম।’ স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে এই মৌসুমেই যোগ দেয়া মোয়েস জোর গলায় বলেন, ‘তাই কেউ যদি বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, তাহলে সেটা একেবারেই মিথ্যা। দুটি ভিন্ন ক্লাবের বলে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। এরপরেও আমি তার অর্জনকে শ্রদ্ধা করি।’