উত্তরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর উত্তরায় আরেফিন শারমিন আঁখি (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির উত্তরা শাখার আইন বিভাগের ছাত্রী ছিলেন। স্বজনরা অভিযোগ করছেন, স্বামী আরাফাত রহমান মিরাজ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তবে উত্তরা পশ্চিম থানার ওসি রেজাউল করিম বলেছেন, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নাইটিঙ্গেল মেডিকেল কলেজের ছাত্র মিরাজ পলাতক রয়েছেন। উত্তরা পশ্চিম থানার ওসি রেজাউল করিম বলেন, আঁখি তার স্বামীর সঙ্গে উত্তরা-১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ৭৭ নম্বর বাসার দোতলার ফ্লাটে ভাড়া থাকতেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাসার বেডরুমের বিছানা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না দিয়ে গিট বাঁধা ছিল। আঁঁখির চাচা এসএম আলতাফ হোসেন বলেন, আঁখিদের গ্রামের বাড়ী গাজীপুরের জয়দেবপুর থানার বোগরা গ্রামে। একই থানার মেঘডুবি গ্রামের মিরাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আড়াই বছর আগে তারা গোপনে বিয়ে করেন। কিন্তু আঁঁখির পরিবার এ ঘটনায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ আঁঁখিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু দু’ বছর আগে আঁঁখি বাসা থেকে পালিয়ে মিরাজের কাছে চলে আসেন। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকলেও আঁঁখি নিয়মিত তার মায়ের সঙ্গে কথা বলতেন। সর্বশেষ রবিবার সন্ধ্যায় আঁঁখি মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, মিরাজ তাকে নির্যাতন করেন। উত্তরা পশ্চিম থানার ওসি আরো জানান, এ ঘটনায় মৃতের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। এই জিডির ভিত্তিতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে জিডি পরবর্তীতে মামলায় রূপান্তর হবে। আরও দু’জনে মৃত্যু ঃ এদিকে, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ৭০৫ নম্বর বাসা থেকে গৃহবধূ ফারহানা আফরোজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার এসআই আতাউর রহমান জানান, ফারহানা রবিবার বিকেলে স্বামী জোবায়ের হোসেনের সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হন। বাসায় ফিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত ১০টার দিকে আশপাশের লোকজন ফারহানার ঝুলন্ত লাশ দেখতে পায়। অপর ঘটনায় খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় গ্যাস সরবরাহের পাইপলাইন সারানোর সময় জিয়াউর রহমান নামের এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হন। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।