জয়ের খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়াতে চায় বিএনপি
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২২:৫৭
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের একটি অংশ মাত্র প্রচার করে বিএনপি বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ করেছে যুবলীগ। সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তারা বলেন, মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারে অপচেষ্টা বিএনপি’র পুরানো অভ্যাস। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জয়ের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে, তারা আগামী দিনের কর্মপরিকল্পনার রূপরেখা পেয়েছে। তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানের বক্তৃতায় জয় বলেছিলেন যে, ‘আমার কাছে তথ্য আছে যে, আগামী নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগই আবারো ক্ষমতায় আসবে।’
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, আতাউর রহমান আতা, এনায়েত কবির চঞ্চল, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, ফজলুল হক আতিক, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।
ওমর ফারুক চৌধুরী বলেন, জয় তার বক্তব্যে বিএনপি-জামায়াতের দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও নৈরাজ্যের চিত্র তুলে ধরেন। একই সাথে তিনি দলীয় নেতা-কর্মীদের অনুরোধ করেন জোট সরকারের সীমাহীন অপকর্ম তুলে ধরতে। এ পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক কিছু জরিপের ভিত্তিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারই বিএনপির একমাত্র সম্বল। ‘জনগণ বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায়’ বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘তিনি কিসের ভিত্তিতে এ কথা বললেন। তার কাছে কি তথ্য আছে?’ তিনি বলেন, কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল পুনঃনির্বাচিত হবার আশাবাদ ব্যক্ত করতেই পারে। এটাই নিয়মসিদ্ধ। কিন্তু যারা এটা চর্চা করে না; যারা অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রে লালিত, তারা সব কিছুর মধ্যেই ষড়যন্ত্র খোঁজেন এবং জনগণকে বিভ্রান্ত করতে চান। জয়ের বক্তব্য নিয়ে বিএনপি যা করেছে তা ওই ধরনের অপকৌশল ছাড়া আর কিছুই নয়।