রাসুলের (সা.) রওজা মোবারক জিয়ারত করলেন খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মসজিদে নববীতে ইফতার শেষে রাতে সেখানে তারাবির নামাজ আদায় করেন। নামাজ শেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সারোয়ারি রহমান, ভাইস-চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী বুধবার পবিত্র ওমরা পালনে খালেদা জিয়া মক্কায় যাওয়ার আগে পর্যন্ত মসজিদে নববীতে তিনি ইবাদত করবেন। এদিকে ইফতারিতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে অংশ নেন।