সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক অব্যাহত
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২৩:০৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রেখেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। গতকাল সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে প্রথম ছয়টির সাক্ষ্য-প্রমাণের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন তিনি। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। এ সময় সালাহউদ্দিন কাদের ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এদিকে, সাফাই সাক্ষী হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি শামীম হাসনাইনের সাক্ষ্য গ্রহণ ও মামলা মুলতবি সংক্রান্ত সালাহউদ্দিন কাদেরের দুটি আবেদন শুনানি ছাড়াই খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৪১জন সাক্ষ্য দিয়েছেন অন্যদিকে আসামিপক্ষে সালাহউদ্দিন কাদেরসহ চারজন সাক্ষ্য দিয়েছেন।