প্রধানমন্ত্রী সপরিবারে পীরগঞ্জ যাচ্ছেন কাল

রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পীরগঞ্জ আসছেন। তার আগমনকে ঘিরে গোটা উপজেলায় সাজ সাজ রব পড়েছে। ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনা ও তার পরিবারকে বরণ করে নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশাসনের পক্ষ থেকেও যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। সূত্র জানায় কাল সকাল ১০টায় হেলিকপ্টারযোগে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি উপজেলার ফতেপুর গ্রামের মিয়াবাড়ির পশ্চিমেই রংপুর-ঢাকা মহাসড়কের সাথে ‘হেলিপ্যাড’ তৈরি করা হয়েছে। সেখানে নেমেই তিনি মিয়াবাড়ির কবরস্থানে সমাহিত স্বামী পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করবেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে। জনসভাস্থল থেকেই পীরগঞ্জে জেলা পরিষদের নবনির্মিত ডাক বাংলো ভবন, কাঁচদহ ঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতু ও পীরগঞ্জ পৌরসভার কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি রংপুর মেরিন একাডেমি ও উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৪ তলা ভবন, টেক্সটাইল ইনস্টিটিউট, বিভাগীয় কমিশনার কমপ্লে¬ক্স ভবন, সার্কিট হাউস এনেক্স ভবন ও অফিসার্স ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসের চাবিও হস্তান্তর করবেন শেখ হাসিনা। জানা গেছে, শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, জয়ের স্ত্রী ক্রিস্টিনা ওভার মায়া, তাদের কন্যা সুফিয়া ওয়াজেদ, শেখ হাসিনা তনয়া সায়মা ওয়াজেদ পুতুল, জামাতা খন্দকার হাসান মাশরুল মিথুল, তাদের পুত্র জারিফ হোসেন, তিন কন্যা আমরিনা, আলিজা ও সিমি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফতেপুর মিয়া বাড়িতে দূর-দূরান্তের আত্মীয়-স্বজনরা আসতে শুরু করেছেন। ফতেপুরে ডুপ্লে¬¬ক্স মডেলের ‘জয় সদন’ বাড়িটিও প্রস্তুত। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বরণ করতে তোরণ নির্মাণ করেছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। ব্যাপক রং-বেরংয়ের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে পীরগঞ্জ। উপজেলা আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরীক দলগুলো জনসভায় লোক সমাগম করতে ব্যাপক গণ-সংযোগ ও প্রচারণা চালাচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান। জয়-এর জ্যাঠাতো ভাই ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত জানান, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় জয় বক্তব্য দিবেন বলে ইচ্ছাপোষণ করেছেন।