পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন আজ
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২৩:০৯
পাকিস্তানে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় বংশোদ্ভূত মামনুন হুসাইন ক্ষতমাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী। তিনিই নির্বাচনে জয়লাভ করে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির উত্তরসূরি হচ্ছেন। জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পিপিপির নির্বাচন বর্জনের অবস্থানকে সমর্থন করলেও প্রতিবাদের মধ্যেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানায়। ইমরান বলেন, পিএমএলকে খালি মাঠে গোল দিতে দেবেন না। তাদের প্রার্থী বিচারপতি ওয়াজিহউদ্দিন আহমদ। খবর ডন ও এনডিটিভির।
প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ প্রথমে ৬ আগস্ট নির্ধারিত হলেও পরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) আদালতে তারিখ পরিবর্তনের আবেদন জানায়। সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ৩০ জুলাই নির্ধারণ করার পর পিপিপি তাদের প্রার্থী রাজা রব্বানিকে প্রত্যাহার করে নেয়।
মামনুন হুসাইন করাচির শীর্ষ স্থানীয় ব্যবসায়ী এবং পিএমএল-এন’র দীর্ঘ দিনের সদস্য। সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ মিত্র। তার জন্ম ভারতের আগ্রায়। পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষ এবং চারটি প্রাদেশিক পরিষদের এক হাজারের বেশি সদস্যের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট।