সাঈদীর আপিলের শুনানির দিন ধার্য হতে পারে আজ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন ধার্যের জন্য কার্যতালিকায় এসেছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দৈনন্দিন কার্য তালিকায় মামলাটি এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আপিল শুনানির দিন ধার্য করে দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এ প্রসঙ্গে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান বলেন, পৃথক দুটি আপিল শুনানির দিন ধার্যের জন্য মামলাটি কার্যতালিকায় এসেছে। এখন আপিল বিভাগ দিন ধার্য করে দিলেই আপিলের ওপর শুনানি শুরু হবে। মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডাদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত মার্চ মাসে সাঈদী ও রাষ্ট্রপক্ষ পৃথক দু’টি আপিল দায়ের করেন। গত ৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ এবং ১৬ এপ্রিল আসামি পক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলের সারসংক্ষেপ জমা দেয়। এর আগে আপিল বিভাগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এখন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে আপিল বিভাগ।