গোপালগঞ্জে ট্রলি চাপায় শিশু নিহত
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২৩:১৩
গোপালগঞ্জে ট্রলি চাপায় তন্নী (৩) নামে এক শিশু নিহত ও নিহতের মাসহ ৪ মহিলা আহত হয়েছে। নিহত শিশু তন্নী গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুর গ্রামের মোঃ তুহিনের মেয়ে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ এক দোকানীর কাছ থেকে পাপড় কেনার সময় বালি ভর্তি একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তন্নীসহ ৫ জনকে চাপা দিলে তন্নী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলের বাড়ি চর সোনাকুর গ্রামে। পুলিশ ট্রলিটি আটক করেছে।