ঈদভ্রমণ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪২
এই ঈদে যাবো যেথা— টানে মনপ্রাণ
মন টানে প্রাণ টানে
পাহাড়ের ঘ্রাণ টানে
যাবো তাই সোজাসোজি বান্দরবান।
চান্দের গাড়ি চড়ে পাহাড়িয়া পথে
আদিবাসি খুকু হাসে বাহারিয়া নথে
নথ দোলে দুলদুল ফুরফুরে হাওয়া;
সার্থক হবে ঠিকই চিমবুক যাওয়া।
দুই পাশে গাছপালা আছে শাখা মেলে
সামপানে ঘরে ফেরে মুরঙের ছেলে।
সাঙ্গুর ঢেউগুলো
নীলনীল তুলোতুলো
পাহাড়িয়া ঝিরি ঝরে ঝরঝর করে।
চান্দের গাড়ি যাই সরসর করে।
দুপুরের স্নান হবে মাতামুহুরিতে
লামা গিয়ে বগালেক হবে দেখে নিতে
তাজিংডংকে দেখে—
গিরিপথে এঁকেবেঁকে
যাবো সোজা লামা রেখে কেয়োক্রাডাঙে
প্রকৃতির রঙে যেনো মনখানা রাঙে।
আমাদের দেশ আহা কতো যে মধুর
সাগরের নীল ঢেউয়ে জীবনের সুর
ঝরনার ঝিরিঝিরি, পাহাড়ের রূপ;
কতো নদী নিরবধি
চেয়ে চেয়ে দেখো যদি
আবেগের বসে তুমি হয়ে যাবে চুপ।
এই ঈদে যাবো তাই বান্দরবান
সেইখানে যেতে তাই টানে মন ও প্রাণ।