তথ্য প্রযুক্তির এই যুগে ভার্চুয়াল সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ থাকবে; কিন্তু একসঙ্গে সেই আড্ডা, সেই গান, একটু দুষ্টুমি কিংবা অতি সামান্য বিষয় নিয়ে
ঝগড়া আর হবে না
তাজবিদুল ইসলাম চৌধুরী
আজ একটু আগেই ক্যাম্পাসে এসেছে শামীমা নাসরিন রুপা ও ইসমাইল হোসেন রাহুল। ক্যাম্পাসে এখনো কোলাহল তৈরি হয়নি। করিডোরের এক পাশে চুপচাপ বসে আছে তারা। হঠাত্ কলেস্নালকে লক্ষ্য করে ডেকে উঠল রুপা, ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল সে। বন্ধুর ডাকে সারা দিয়ে তাদের দিকে এগিয়ে গেল কল্লোল। ‘ভালো লাগছিল না তাই আগেই চলে আসলাম’- কেমন যেন একটা ভাঙা গলায় কথাটা বলতে বলতে করিডোরে সবার সঙ্গে বসে পড়লো কলেস্নাল; কিন্তু একটু পরেই সবাই আবার নীরব। বেশ কিছু সময় পর রাহুল মৃদু স্বরে বলে উঠল, ‘শেষ ক্লাসের কষ্ট আর প্রথম ক্লাসের আনন্দের ভিতর একটা অন্যরকম মিল আছে তাই না?’
এরা সবাই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)র এমবিএ (এইচ আর এম) ৪৮ ব্যাচের শিক্ষার্থী। এদের আনমনের কারণ আজ তাদের ক্যাম্পাস জীবনের শেষ ক্লাস। আজ শেষ ক্লাসের পর শিক্ষা সমাপনী উত্সবে মেতে উঠবে এরা সবাই। শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উত্সবের মাধ্যমে সমাপ্তি ঘটবে তাদের এই দীর্ঘ শিক্ষা জীবনের।
উত্সবের দিন সকাল থেকেই ক্যাম্পাসের চারপাশে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। বিদায়ী শিক্ষার্থীদের এই শিক্ষা সমাপনী উত্সবের শুরু হয় শেষ ক্লাসের মধ্য দিয়ে। পরে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিদায় বক্তব্যের মধ্য দিয়ে সবাই ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করে। এরপর শেষ স্মৃতিটুকু ফ্রেমে বন্দি করার জন্য সবাই মেতে উঠে সেলফি উত্সবে।
বিদায়ী শিক্ষার্থী মো. আসাদুজ্জামান অতীতের স্মৃতিচারণ করে বলেন, ‘আমাদের ক্যাম্পাস জীবনের প্রথম দিনে আমি অনেককেই চিনতাম না। এরপর ধীরে ধীরে শুরু হয় খুনসুটি, আড্ডা, হৈ চৈ। চোখের সামনে আজও ভেসে ওঠে সেই রঙিন দিনগুলো। দেখতে দেখতে এতগুলো দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।’
মমিন জানান, ‘হয়তো তথ্য প্রযুক্তির এই যুগে ভার্চুয়াল সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ থাকবে; কিন্তু একসঙ্গে সেই আড্ডা, সেই গান, একটু দুষ্টুমি কিংবা অতি সামান্য বিষয় নিয়ে ঝগড়া আর হবে না। সবাইকে খুব মিস করবো। ক্যাম্পাস জীবনের পরেও বন্ধুত্ব হয় কিন্তু সহপাঠীদের সঙ্গে এই বন্ধুত্বের আবেদনটা চিরকালই একটু অন্য রকম রয়ে যায় মনের মাঝে।’
সুবহা সাদিক মার্জি তার আবেগের বহিঃপ্রকাশ ঘটান এইভাবে, ‘বুক ভরা স্বপ্ন আর চোখ জড়ানো আলোর উদ্দীপনা নিয়ে প্রাণ প্রিয় এই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার যাত্রা শুরু করেছিলাম আমরা। আজ তার শেষ প্রান্তে এসে আমরা তিলে তিলে টের পাচ্ছি বন্ধু হিসেবে আমরা সবাই পরস্পরের প্রতি কতটা আন্তরিক ছিলাম, কতটা গভীর ছিল আমাদের ভালোবাসা। এই উত্সবের মধ্য দিয়ে শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটলেও অটুট থাকবে আমাদের বন্ধুত্ব।’