মতলবের ঈদের বাজার প্রবাসীদের দখলে
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে বিপণী বিতানে ঈদের কেনাকাটা এবার প্রথমদিক থেকেই জমে উঠছে। জিনিসপত্রের বাজারদর গরম বা চড়া হওয়ায় ক্রেতারা হতাশ। চড়া এ বাজার মূল্যের মার্কেটগুলো প্রবাসী পরিবারের দখলে। এ উপজেলার ছেংগারচর, কালিপুর, নতুনবাজার, আমিরাবাদ, এখলাসপুর, নাউরী, সুজাতপুর, সাহেববাজার, গজরাবাজার, কালিরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, রোজার প্রথম থেকেই ক্রেতারা মার্কেটগুলোতে আসতে শুরু করেছে। টেইলারিং দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। কাপড়ের দোকান, দর্জির দোকান, তৈরি পোশাক ও শাড়ির দোকান, জুতার দোকান, প্রসাধনী দোকানগুলোতে দোকানীরা নতুন নতুন সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে।
এখন ক্রেতা প্রবাসী পরিবারগুলোর শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধারা দোকানগুলোতে তাদের পছন্দমত জিনিসপত্র ক্রয় করছে। ক্রেতাসাধারণের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান ক্রেতার মধ্যে অধিকাংশ পরিবারের কেউ না কেউ প্রবাসে চাকরি করছে। রমজানের প্রথমদিকে প্রবাস থেকে পাঠানো টাকা পাওয়ার পরই তারা ঈদের বাজারে কেনাকাটার জন্য ব্যস্ত। তবে জিনিসপত্রের দাম নিয়ে তাদের অভিযোগ, বেশি দামে তাদের সব রকমের জিনিসপত্র কিনতে হচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এবার অনেক দাম।
এদিকে জিনিসপত্রের বেশি দাম ও অর্থ সংকটের কারণে হতাশা প্রকাশ করছে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের লোকজন। তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এলাকার অধিকাংশ পরিবার কৃষক ও শ্রমিক পরিবার। শ্রমিকের কাজকর্ম ও কৃষকরা ফসল উত্পাদনে লোকসান দেয়ায় ঈদ কেনাকাটার অর্থ যোগাড় করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। কোনো কোনো পরিবারে কেউ শহরে চাকরি করলেও বাড়িতে টাকা না পাঠানোর ফলে তাদের পরিবারগুলোও কেনাকাটার জন্য বাজারে আসছেন না।