মির্জাপুরে শিশু অপহরণের দায়ে স্বামী স্ত্রীর যাবজ্জীবন

শিশু অপহরণের দায়ে টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মোঃ আব্দুল মজিদ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, সিরাজগঞ্জের চক দাকোপ গ্রামের আব্দুল মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগম। গতকাল মঙ্গলবার মামলার বাদী ও তার পরিবার এ রায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিরাজগঞ্জের চক দাকোপ গ্রামের আব্দুল মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগম মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার আলী আহাম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠে। ২০১১ সালের ৪ জানুয়ারি বাড়ির মালিকের দেড় বছরের শিশু পুত্র নয়নকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আব্দুল মতিন। প্রথমে ১০ লাখ ও পরে এক লাখ টাকায় রফা হয়। টাকা ফেলে রাখতে বলা হয় মির্জাপুরের রাজাবাড়ি রেল লাইন এলাকায়। আগে থেকেই ওত পেতে থাকা পুলিশ টাকাসহ আব্দুল মতিনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের ইসমাইল মন্ডলের বাড়ি থেকে শিশু নয়নকে উদ্ধার করে। এ ঘটনায় মতিনের স্ত্রী মরিয়ম বেগমকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় ২০১১ সালের ৫ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত গত রবিবার আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।