মেহেরপুরে চাঁদাবাজদের ভয়ে অনেকেই গ্রামছাড়া
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৫
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঠালপোতা ও সোনাপুর গ্রামে চাঁদার দাবি জানিয়ে দুর্বৃত্তরা মোবাইল ফোনে হুমকি-ধামকি প্রদান অব্যাহত রেখেছে। গ্রামের অনেকে আতংকে আছেন। কেউ কেউ গ্রাম ছেড়ে পরিবার পরিজন নিয়ে শহরে অবস্থান করছেন। ভুক্তভোগী ও এলাকার সূত্রে জানা গেছে চাঁদাবাজরা বিভিন্ন সময়ে অজ্ঞাত স্থান ও মোবাইল থেকে বিভিন্ন পার্টির নাম করে চাঁদা চায়। কাঠালপোতা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল খালেক , আফিজ উদ্দীনের ছেলে আলাউদ্দীন, এলাহি বিশ্বাসের ছেলে মহিউদ্দীন, সোনাপুর গ্রামের ভূমেল আলীর ছেলে শহিদুল মাস্টার ও আনারুলের কাছ থেকে মোবাইলে ২লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এলাকাবাসীর ভিতরে চরম আতংক বিরাজ করছে । কেউ কেউ ইতিমধ্যে নিরাপত্তার ভয়ে গ্রাম ছেড়ে শহরে উঠেছেন । স্থানীয় পুলিশ প্রশাসন এ বিষয়ে তত্পর হলেও কোন সুরাহ করতে পারছে না। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে আরো তত্পর হতে সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছে।