কাঠালিয়ায় তিন বখাটের কারাদণ্ড
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৫
কাঠালিয়ায় তিন ইভটিজারকে যৌন হয়রানির অপরাধে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ঐ ছাত্রীকে সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি পানের বরজের কাছে এলাকার বখাটে জুয়েল হাওলাদার, লিয়ন তালুকদার ও হানিফ খান শ্লীলতাহানির চেষ্টা করে এবং এ ঘটনার ভিডিও ধারণ করে। ছাত্রীর ডাক-চিত্কারে এলাকার লোকজন বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন আদালত বসিয়ে বখাটে জুয়েল হাওলাদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন, লিয়ন তালুকদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড এবং হানিফ খানকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়।