মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

মহাকাল নাট্য সম্প্রদায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিগত ৩০ বছর নিরলসভাবে তার সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ মাসের ১৪ জুলাই দলটির ৩০ বছর পূর্তি হয়েছে। আর এ লক্ষ্যে তারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছি। যার প্রথমটি ১২ দিনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব’, পর্যায়ক্রমে ‘বিসর্জন উত্সব’, ‘শিখণ্ডী উত্সব’, পথনাট্যোত্সব, ৪টি সেমিনার, প্রতিটি বিভাগে নাট্যোত্সব আয়োজন। ১২ দিনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব’-এ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩টি নাট্য প্রযোজনা ছাড়াও ঢাকার ২০টি নাট্যদল এবং ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ৬টি নাট্যদল তাদের নাট্য প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে। বছরব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা ও লগো উন্মোচন অনুষ্ঠান আজ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ। বছরব্যাপী অনুষ্ঠান সফল করতে অ্যাডভোকেট আফজাল হোসেনকে আহ্বায়ক, মীর জাহিদ হাসানকে প্রধান সমন্বয়কারী, সৈয়দ লুত্ফর রহমান ও এমএ আজাদকে যুগ্ম আহ্বায়ক এবং মো. শাহনেওয়াজকে সদস্য সচিব করে ২৯ সদস্যবিশিষ্ট একটি উত্সব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।