সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৮
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে সমন্বয় কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ম্যাস লাইন মিডিয়া সেন্টার ও এসডিসি’র সহযোগিতায় সিটিজেন ভয়েস ফর ইমপ্রুভট লোকাল পাবলিক সার্ভিসেস প্রকল্পের আওতায় জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে। সভায় এলজিজেএফ’র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
পিরোজপুরে আইটি ভিলেজ স্থাপন বিষয়ে সেমিনার
পিরোজপুর অফিস \ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে জেলা পর্যায়ে হাই-টেক পার্ক/ আইটি ভিলেজ স্থাপনের এবং এ কার্যক্রমের গুরুত্ব ও আইটি স্কীলড জনগোষ্ঠীর ভবিষ্যত্ করণীয় বিষয়ে পিরোজপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস।
কাঠালিয়ায় জেপির আলোচনা সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে গত সোমবার স্থানীয় মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেপি নেতা ও ইউপি সদস্য মোঃ আবদুল হক জমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আহবায়ক মোঃ আফজাল হোসেন মোল্লা। বক্তব্য রাখেন জেপি মোঃ হায়দার জোমাদ্দার, মোঃ বাদল মুন্সি, মোঃ শামীম মৃধা, মোঃ ফুল মিয়া চোকদার,মোঃ আলম মুন্সি, আমুয়া ইউনিয়ন যুব সংহতির যুগ্ম আহবায়ক হায়দার হাওলাদার ও মজনু জমাদ্দার প্রমুখ। আলোচনা শেষে ইফতার মাহফিল করা হয়।
গাইবান্ধায় হুইল চেয়ার বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীর হাতের উদ্যোগে গত সোমবার সংগঠন কার্যালয়ে ৪৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে এসব হুইল চেয়ার প্রদান করেন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কর্মীর হাতের সভাপতি এম. আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
মেলান্দহে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৯জুলাই উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজে ব্র্যাক শিক্ষা পেইস কর্মসূচি এর আয়োজন করে। বিতর্কের বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য ‘ক্লাসের বই পড়াই যথেষ্ট নয়’। নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
সোনাতলা প্রেসক্লাবের কমিটি গঠন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোমবার বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের কার্যালয়ে মোঃ মোশাররফ হোসেন মজনুর সভাপতিত্বে আলোচনায় সর্বসম্মতিক্রমে মোশাররফ হোসেন মজনু (দৈনিক ইত্তেফাক) সভাপতি, বদিউ-জ্জামান মুকুল (করতোয়া) সাধারণ সম্পাদক, গোলাম রব্বানী সহ-সভাপতি, নিপুন আনোয়ার কাজল সহ-সাধারণ সম্পাদক, ইকবাল কবির লেমন সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ মামুন প্রচার সম্পাদক, মানজার জাহিদ কোষাধ্যক্ষ, হারুনুর রশিদ দপ্তর সম্পাদক, জুয়েল পারভেজ, আব্দুল করিম জামাল নির্বাহী সদস্য নির্বাচিত হয়।
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
জামালপুর প্রতিনিধি\ জামালপুর সদর উপজেলার রশিদপুরের রামদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একব্যক্তি নিহত হয়েছে। জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, খোরশেদ আলমের সাথে তার বড় ভাই হুরমুজ আলী মাস্টারের দীর্ঘদিন যাবত্ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত সোমবার হুরমুজ আলীর লোকজন খোরশেদ আলমের বাড়িতে হামলা করে খোরশেদ আলমকে (৫৭) শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ঘরের ভিতর ঝুলিয়ে রাখে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের কার্যক্রম পরিদর্শনে ডিজি
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল কে এস হোসেন (ট্যাজ), (সিডি), এনসিসি, পিএসসি গত রবিবার সুন্দরবনের দুবলারচরে কোস্টগার্ড পশ্চিম জোনের নতুন একটি সিজি আউট পোস্টের অপারেশনাল কার্যক্রম ও নবনির্মিত সিসিএমসি ভবন পরিদর্শন করেন। পরে কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে সম্মিলিত ইফতার পার্টিতে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
শাবির নতুন ভিসির যোগদান
শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা \ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভুঁইয়া গত রবিবার বিশ্ববিদ্যালয়ের নবম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সাথে বৈঠক করেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও বৈঠক করেন তিনি । এ সময় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণাবান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ডোমারে পাট ক্রয় উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় আনুষ্ঠানিকভাবে পাট ক্রয় উদ্বোধন করা হয়েছে। গত সোমাবর ডোমার থানা সংলগ্ন বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পাট ক্রয় কেন্দ্রে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি.-এর অধীনে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাট ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উক্ত ক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, পৌর কাউন্সিলর সহির উদ্দিন সরকারসহ পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে মণপ্রতি ১৩৯৫ টাকা দরে পাট ক্রয় করা হয়।
মহাদেবপুরে বাস চাপায় ছাত্র নিহত
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে গত সোমবার যাত্রীবাহী বাসের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয়া হয়। জানা গেছে, ধনজইল মোড়ে মহাদেবপুর থেকে নওগাঁগামী চট্ট-মেট্রো-চ-৩০৩ নং বাস মাদ্রাসা ছাত্র ছামিউল ইসলামকে (১৩) চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
শিবালয়ে সাংবাদিককে হুমকি দেয়ায় জিডি
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে শিবালয় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার বিকেলে শিবালয় উপজেলা চেয়ারম্যানের অফিসে জমি সংক্রান্ত এক সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কাছিধারা গ্রামের বাসিন্দা প্রতিপক্ষের আখের আলীর পুত্র মুকুল ও তরিকুল, আব্দুর রহিম মোল্লার পুত্র মোজাফ্ফর অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় উক্ত সাংবাদিক ও কাছিধারা গ্রামের সাহজুদ্দিনের পুত্র মো. হারুন মিয়া থানায় পৃথক জিডি করেন।
গঙ্গাচড়ায় হাইস্কুলের কমিটি গঠন
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ উপজেলা সদর ইউনিয়নের কুটিপাড়া চেংমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গত সোমবার গঠিত হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আফতাবুর রহমানের উপস্থিতিতে আফছারুল ইসলাম সভাপতি মনোনীত হন। গত ২২ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য পদে আতিয়ার রহমান, আব্দুল মতিন, শফিকুল ইসলাম, সাইয়েদুজ্জামান ও মহিলা অভিভাবক পদে আনোয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে শরিফুল ইসলাম, সাদেকুল ইসলাম ও রোকসানা বেগম মনোনীত হন।
আদমদীঘিতে মন্দিরভিত্তিক গণশিক্ষা মনিটর কমিটি
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্র মনিটর কমিটি গঠনকল্পে এক সভা গত সোমবার তালশন কালিবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাবু শিবেশচন্দ্র মৈত্রের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে শ্রী অমল কুমার পালকে সভাপতি, তপতী রানী সরকারকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
মেহেরপুরে ১২ জামায়াত কর্মী গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতে ইসলামের ১২ কর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত সোমবার জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে উপজেলার নেতা-কর্মী মিছিল করে। মিছিল শেষে বাড়ি ফেরার সময় পুলিশ ১২ জন কর্মীকে আটক করে মুজিবনগর থানায় নিয়ে যায়।
পীরগঞ্জে বৈদিক সমাজের কর্মী সমাবেশ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলার ধর্মীয় প্রচারমুখি সংগঠন “বাংলাদেশ বৈদিক সমাজের” কর্মী সমাবেশ গত রবিবার নিয়ামতপুর গ্রামের রনঞ্জিত্ চেয়ারম্যানের খামারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উত্তরবঙ্গের বৈদিক সমাজের সভাপতি আচার্য গীরিন চন্দ্র রায় শাস্ত্রী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৈদিক সমাজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আচার্য সুভাস শাস্ত্রী। অন্যান্যের মধ্যে শিক্ষক রনঞ্জিত্ কুমার শাস্ত্রী, মহিলা নেত্রী ভারতী রানী রায় প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষক দোল গবিন্দ রায়, শিক্ষক জয়দেব কুমার রায়, মনোরঞ্জন রায় প্রমুখ।
মহেশপুরে শিক্ষক কর্মচারীদের সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত সোমবার মহেশপুর পৌর পাবলিক লাইব্রেরীতে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভা অনুষ্ঠিত হয়। এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১২ আগস্ট দেশব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মন্জুরুল আলম, ছামাদউজ্জামান, মিজানুর রহমান প্রমুখ।