আফগান নারীদের ভবিষ্যত্ নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন

২০১৪ সালে আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর নারীদের ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের একজন মানবাধিকার কর্মী আফগানিস্তানে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের নানা চিত্র তুলে ধরেন। সেখানে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা নিকোল অ্যামেলিন বলেন,আমরা আফগানিস্তান নিয়ে শংকিত। তিনি বলেন, এত অর্থ ও শ্রম দেয়ার পরও যদি আমরা সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি সেটি হবে পুরো বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতা। অ্যামেলিন বলেন, আফগানিস্তানে নারী অধিকার সমুন্নত আছে কিনা তা দেখভালের দায়িত্ব আছে বিশ্ব সম্প্রদায়ের। জাতিসংঘের রিপোর্টে বলা হয় আফগানিস্তানে নারীদের ব্যাপক হারে মারধর, ধর্ষণ, পাথর ছুঁড়ে মারা, নিজের গায়ে আগুন ধরানোয় বাধ্য করাসহ নানা নির্যাতনের শিকার হতে হয়। রিপোর্টে জোর করে বিয়ে দেয়ার নিন্দা করা হয় এবং বলা হয় মেয়েরা বাড়ি থেকে পালাতে চেষ্টা করলে তাদের কারাদণ্ড দেয়া হয়। দেশটির বেশিরভাগ এলাকায় ঐতিহ্যগত এবং প্রথাগতভাবে নারী নির্যাতন চলে আসছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকায় অনেক স্থানে নারী নির্যাতনের ব্যাপারে কিছুই করা যায় না। উল্লেখ্য, ২০০১ সালে তালেবান সরকার উত্খাতের পর আফগান নারীদের ভাগ্যের উন্নয়ন বিশ্ব সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে পড়ে।