পঞ্চায়েত নির্বাচনে জয়ী মমতার তৃণমূল
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২১:১৯
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। চলতি মাসে পাঁচ দফায় পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়। সোমবার এর ফল ঘোষণা করা হয়। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছে প্রধান বিরোধী জোট বামফ্রন্ট। ভোটের ফলে দেখা গেছে, রাজ্যের ১৭টি জেলার মধ্যে ১২টিতেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয় পেয়েছে বা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে তৃণমূলের প্রার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয় তাদের ধারণাকেও ছাড়িয়ে গেছে। পঞ্চায়েত সমিতিতে ৭০ শতাংশের বেশি এবং গ্রাম পঞ্চায়েতে ৬০ শতাংশের বেশি আসন পেয়েছে তারা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩৪১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২২৫টির ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ১৬৩টিতে জয়ী হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। প্রধান বিরোধী জোট বামফ্রন্ট পেয়েছে ৫১টি। আর কংগ্রেসের ঝুলিতে উঠেছে মাত্র ১৯টি আসন। বামফ্রন্টের পক্ষ থেকে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারি, মমতার অতিকথন এবং তার সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ এনে প্রচারণা চালানো হলেও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ভোটে স্পষ্ট ব্যবধানে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এর আগে ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলায় এগিয়ে থাকলেও এবার আর তা হয়নি। বিশেষত রাজ্যের দক্ষিণাঞ্চলে তাদের ভরাডুবি হয়েছে। তবে উত্তরের কয়েকটি জেলায় এবার তারা ভালো করেছে। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে যাওয়ায় ত্রিমুখী লড়াইয়ের সুবিধা পেয়েছে তারা।
গত ১১ জুলাই থেকে পাঁচ দফায় পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ২৫ জুলাই পর্যন্ত। এ সময় নির্বাচনী সহিংসতায় প্রাণ হারায় অন্তত ২৪ জন মানুষ। তবে ভোট গণনায় এখন পর্যন্ত কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।