নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ নিহত ১৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরে কয়েকটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। গত সোমবার সন্ধ্যার দিকে কানোর পার্শ্ববর্তী খ্রিস্টান এলাকা সাবোন গারিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। স্নোকার ও টেবিল টেনিস খেলা উপলক্ষে শত শত লোকজন ভিড় জমালে ঐ এলাকায় এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কানো প্রদেশের পুলিশ কমিশনার মুসা দাওরা বলেন, সাবোন গারিতে বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। তিনি আরো বলেন, এতে ১৫ জন নিহত এবং আরো ৬ জন আহত হয়েছে। তবে হাসপাতালে আসা নিহতদের আত্মীয়রা জানান, ঘটনাস্থল থেকে অন্ততপক্ষে ১০টি লাশ আনা হয়েছে। এ্যালকোহল ও কোমল পানীয়ের দোকানের পাশে রাখা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে একটি বোমা বিস্ফোরণ ঘটে বলে এক প্রত্যক্ষদর্শী জানায়।