তালায় দুর্ধর্ষ বাস ডাকাতি পুলিশসহ আহত ৯

বরিশালের গৌরনদী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী চাকলাদার পরিবহনে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা একটি বোমা ও তিন রাউন্ড গুলিবর্ষণ করে গাড়িতে থাকা কয়েকজন গরু ব্যবসায়ীসহ ৫২ জনের কাছ থেকে নগদ ২০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক, এক সিপাহী, বাস চালক ও ছয়জন গুরু ব্যবসায়ী আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চাকলাদার পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলাপারকে আটক করেছে। আহতদের কয়েকজন জানান, তারা সপ্তাহের শুক্রবার ও সোমবার যশোরের শার্শা থানার সাতমাইল হাটে গরু কিনতে আসেন। ঈদকে সামনে রেখে শুক্রবার হাটের জন্য সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার তরকি নামক স্থান থেকে তারা ৫২ জন গরু ব্যবসায়ী চাকলাদার পরিবহনের একটি বাস রিজার্ভ করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পরিবহনটি রাত ১২টার দিকে তালা উপজেলার কুমিরা মোড়ে পৌঁছালে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত রাস্তায় একটি ট্রাক আড়াআড়ি রেখে দেয়। পরে তারা চালককে মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবহনটি তাদের নিয়ন্ত্রণে নেয়। চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যাত্রীদের টাকা-পয়সা লুট করা শুরু করে।