পরিবেশ দূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীরের নেতৃত্বে সোমবার তিনটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহের মধ্যে- অবৈধভাবে পুকুর/জলাশয় ভরাট করার দায়ে টিএমএসএস, বগুড়া কর্তৃক নিয়ন্ত্রণাধীন বিসিএল কনস্ট্রাকশন লিঃ, সাজাপুর, শাহজাহানপুর, বগুড়াকে ৩ লাখ টাকা, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাধীন ঢাকা-মাওয়া রোডের পশ্চিম পার্শ্বে শিকারপুর ও কেয়াইন মৌজায় অবস্থিত আমিন মোহাম্মদ সিটি নামক আবাসিক প্রকল্পটিকে অবৈধভাবে জলাশয় ভরাট করে অফিস স্থাপন করার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়াই কারখানা পরিচালনা করার দায়ে এ্যাথারটন এমব্রুশ কোং লিঃ, প্লট নং-২৬-২৬, বিসিক শিল্পনগরী, মানিকগঞ্জকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি