শতাধিক রোগীর অঙ্গ সংযোজন করবে ভারতীয় প্রতিষ্ঠান
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২১:৪৩
সাভারের রানা প্লাজায় আহতসহ বিভিন্ন দুর্ঘটনায় অঙ্গ হারানো শতাধিক রোগীকে ভারতের একটি প্রতিষ্ঠান অঙ্গ সংযোজন করে দেবে। আগামী অক্টোবরের প্রথমার্ধে বাংলাদেশে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে এই কৃত্রিম অঙ্গ সংযোজনের কাজ করা হবে। এর আগে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সেপ্টেম্বরে এসে অঙ্গ সংযোজনের চাহিদা যাচাই করে বাংলাদেশ সরকারের সাথে এই কার্যক্রম চূড়ান্ত করবে।
বাংলাদেশ সফররত ভারতের কৃত্রিম অঙ্গ সংযোজনকারী সংস্থা জয়পুর ফুট-এর একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেম (অবঃ) মুজিবুর রহমান ফকিরের সাথে সাক্ষাত্ করে একথা জানান। প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন অঙ্গ হারানো রোগীদের চাহিদা যাচাই করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারত সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন দুর্যোগে ভারতের অবদান এদেশের জনগণ চিরদিন মনে রাখবে।
এছাড়া রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় অঙ্গচ্ছেদ একশ’ রোগীকে অঙ্গ সংযোজনের জন্য আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ দল বাংলাদেশের আসার কথা রয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি