পুরান ঢাকায় শিশুশ্রমের করুণ হাল

পুরাতন ঢাকার কর্মজীবী শিশুদের উপর একটি জরিপে দেখা গেছে সেখানকার কর্মজীবী শিশুরা ১০ ঘন্টারও অধিক সময় কাজ করে শতকরা ৯৩ দশমিক ৯০ ভাগ শিশু। আর মাত্র ৪ দশমিক ৮ ভাগ শিশু নিয়মিত স্কুলে যেতে পারে। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘প্রদীপন’ আয়োজিত ‘পুরাতন ঢাকার শিশুশ্রম পরিস্থিতি’ নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় পুরাতন ঢাকার কর্মজীবী শিশুদের উপর জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপে পুরাতন ঢাকার শিশুশ্রম পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে জানানো হয়, লালবাগ এলাকায় কর্মজীবী শিশুদের নিয়ে জরিপ থেকে আরো জানা যায়, চিকিত্সার সুবিধা পায় ১৬ দশমিক ৫ জন শিশু। সাপ্তাহিক মজুরি ১০০ থেকে ৪০০ টাকা পায় শতকরা ৫১ ভাগ শিশু। ৪০১ থেকে ৮০০ টাকা মজুরি পায় ৩৬ দশমিক ৬ জন শিশু, ৮০১ থেকে ২০০০ টাকা মজুরি পায় ১২ দশমিক ৪ জন শিশু। এছাড়াও শিশুরা কর্মক্ষেত্রে প্রায়শই বিভিন্ন রকম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে থাকেন। সভায় শিশুশ্রম দূরীকরণে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যাপক জনঅংশগ্রহণ এবং মিডিয়া কর্মীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। শিশুশ্রম নিরসনে বক্তারা বলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় শিশুতোষ নাটক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার। শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে তাদের দৃষ্টান্তমূলক করুণ পরিণতি তুলে ধরা, শিশু অধিকার সংরক্ষণে প্রচলিত আইনের সীমাবদ্ধতাগুলো তুলে ধরা। প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ফিচার/প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশ করা, বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার নিয়মিত ফলোআপ রিপোর্ট করা। শিশু অধিকার রক্ষায় বিভিন্ন ইতিবাচক ঘটনাগুলোর উপর নিয়মিত স্টোরি করা। যাতে অন্যরাও এ জাতীয় কাজে উত্সাহ পাবে। সর্বোপরি শিশু অধিকার রক্ষায় একটি এনজিও গণমাধ্যম কর্মীর নেটওয়ার্ক গঠনের উপর গুরুত্বারোপ করেন। সভায় প্রদীপন’র নির্বাহী পরিচালক ফেরদৌস উর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মাহবুবুল অলম তালুকদার, সেভ দা চিলড্রেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শরফুদ্দিন খান, এডভোকেসি কো-অর্ডিনেটর লায়লা করিম প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রদীপন’র প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ। সভায় বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।