সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে: ফখরুল

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার তাদের ভয়াবহ দুঃশাসন প্রলম্বিত করতে বিরোধী দলীয় ত্যাগী নেতা-কর্মীদের বেছে বেছে হত্যা করছে। সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে দেশে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। মির্জা আলমগীর বলেন, হত্যা, গুম, অপহরণ, দুঃশাসন ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে বর্তমান সরকারের বিরুদ্ধে জনমনে যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেজন্য জনগণের আদালতে এই সরকারের বিচার হবেই। এদিকে ঢাকা মহানগর হাজারীবাগ থানার ৫৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিনকে সোমবার সন্ধ্যায় গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।