এমপি রনির অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক

সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনির অবৈধ সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার এমপি রনির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান প্রতিবেদন জমা দিয়েছে দুদকের অনুসন্ধান টিম। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই দুদক থেকে এমপি রনির কাছে নোটিশ পাঠানো হবে। তবে নোটিশ জারি করলেও বর্তমানে এমপি রনি জেলে থাকায় তা কার্যকর হবে না। জেল থেকে ছাড়া পেলেই এটি কার্যকর হবে বলে জানা গেছে। দুদকের প্রাথমিক এ প্রতিবেদনে গোলাম মাওলা রনির বিরুদ্ধে ১১ লাখ ৬৩ হাজার ৫০৮ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। অধিকতর অনুসন্ধান করা হলে রনির আরো অবৈধ সম্পদের হদিস পাওয়া যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া নির্বাচনী হলফনামা ও রনির আয়কর রিটার্নের তথ্যের গড়মিল রয়েছে। এ অবস্থায় তার সম্পদের হিসাব দেওয়া প্রয়োজন বলে মনে করছে অনুসন্ধান দল। দুদক সূত্র জানায়, সরকারি কাজে ঘুষ, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এমপি রনির বিরুদ্ধে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অনুসন্ধান শুরু হয়। কমিশনের উপ-পরিচালক আহসান আলী এ অনুসন্ধান শুরু করেন। প্রভাবমুক্ত অনুসন্ধান কাজের জন্য জেলা কার্যালয় থেকে তা পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হয়। দীর্ঘ এক বছর অনুসন্ধান শেষে গতকাল মঙ্গলবার রনির বিরুদ্ধে করা প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেন দুদকের উপ-পরিচালক তালেবুর রহমান। অনুসন্ধানকারী কর্মকর্তা তার প্রতিবেদনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে রনির বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করেন।