বিওয়াইএলসি অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলো

৬ উদীয়মান তরুণ

 

‘তরুণদের নেতৃত্ব চর্চা ব্যতীত একটি সমৃদ্ধ এবং সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব নয়।’ বিওয়াইএলসি অ্যালামনাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ১০ মে দ্বিতীয়বারের মতো বিওয়াইএলসি অ্যালামনাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। এ অনুষ্ঠানে ছয়জন উদীয়মান তরুণকে পুরস্কার প্রদান করা হয়, যাঁরা মেধা ও নেতৃত্ব দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন খাতে সাফল্য অর্জন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আরো বলেন, ‘তরুণদের নেতৃত্ব চর্চা ব্যতীত একটি সমৃদ্ধ এবং সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। বিগত ১০ বছর ধরে বিওয়াইএলসি দেশের তরুণদের জীবনদক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য তাদের প্রস্তুত করে তুলতে কাজ করে যাচ্ছে। আমি চাই, সামনের দিনগুলোতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিওয়াইএলসি দেশের তরুণদের জন্য আরো নতুন নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।’ বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘এই অ্যালামনাই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অসামান্য অর্জনকে স্বীকৃতি প্রদান এবং তরুণদের নেতৃত্ব শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চেয়েছি। আশা করছি, এই স্বীকৃতি তাদের এবং দেশের তরুণদের ভবিষ্যতে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।’

বিওয়াইএলসি অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০১৯-এর বিজয়ীরা হলেন, শিক্ষা ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিজয়ী মোহাম্মাদ নকিব, পেশাগত দক্ষতা ক্যাটাগরিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট সুমাইয়া আফরিন, শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে চিত্রনির্মাতা সাদিয়া তাবাসসুম এবং আলোকচিত্রশিল্পী কাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে ক্যাম্পেইন রেড-এর সহ-প্রতিষ্ঠাতা রুবিনা আক্তার, উদ্যোক্তা ও উদ্ভাবন ক্যাটাগরিতে বিডি অ্যাসিস্ট্যান্ট-এর সহ-প্রতিষ্ঠাতা আবু সাইয়েদ আল সাগর।

২০০৮ সালে হার্ভার্ড ও এমআইটিতে বিওয়াইএলসির মূল ধারণাটি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করে। বিভিন্ন নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে বিওয়াইএলসি এ পর্যন্ত ১৩ থেকে ২৫ বছর বয়সী ৩ হাজার পাঁচশ’র বেশি শিক্ষার্থীকে নেতৃত্ব, সমস্যা সমাধান, দলগত কাজ ও যোগাযোগ দক্ষতার ওপর প্রশিক্ষণ প্রদান করেছে। বিওয়াইএলসি অ্যালামনাইদের একটা বড় অংশ বর্তমানে নেতৃত্ব চর্চার মাধ্যমে দেশের সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতে উন্নয়নে অবদান রাখছেন।