ড. হাছান মাহমুদ ও গিয়াসের সমর্থকদের পাল্টাপাল্টি মামলা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৫
১ ঘন্টার ব্যবধানে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদ ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা পাল্টাপাল্টি মামলা করেছেন। পরিবেশ ও বন মন্ত্রীকে ‘চাঁদাবাজ’ ও ‘দুর্নীতিবাজ’ বলায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস তালুকদারের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ বড়ুয়া।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে গতকাল সকালে এই মামলার ১ ঘন্টার মধ্যে একই আদালতে পাল্টা মামলা করেন রাঙ্গুনিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান। ড. হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, ব্যক্তিগত সহকারী এমরান করিম রাশেদ, উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদারসহ ৩৯ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। তাদের বিরুদ্ধে ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন দেয়ার অভিযোগ করা হয়েছে।
প্রথম মামলায় আদালত গতকাল আগামী ১৬ সেপ্টেম্বর ২ অভিযুক্ত গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ইউনুস তালুকদারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অপর মামলায় পুলিশ সুপারের মাধ্যমে সহকারী পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।