পাবনায় বিএনপি কর্মী খুন
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৬
জেলার আতাইকুলায় গত সোমবার রাতে রওশন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মীকে জবাই করে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। তার লাশ গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলাধীন আতাইকুলা থানার শাখারীপাড়া গ্রামের হারান শেখের ছেলে। আতাইকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মনা বলেন, নিহত রওশন আলী বিএনপির কর্মী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অজ্ঞাত কেউ গত সোমবার রাতে মোবাইলে ফোন করে রওশনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বাড়ির পাশে মাঠে গতকাল দুপুরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্বজনদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পায়ের রগ কাটার পর জবাই করে হত্যা করেছে। আতাইকুলা থানার ওসি মো. রেজাউল করিম বলেন, ময়না তদন্ত করতে রওশনের লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।