দু’দলের সমঝোতা না হলে রাজনীতিবিদদের মাশুল দিতে হবে
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৬
সাবেক মন্ত্রী ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, দু’টি দলের মধ্যে সমঝোতা না হলে এর জন্য রাজনীতিবিদদের মাশুল দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অনড় অবস্থান আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে। যতই দিন এগুচ্ছে জনমনে শঙ্কা বাড়ছে। এ অচলাবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে না পারলে রাজনীতিবিদরাই এর জন্য দায়ী থাকবেন। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীস্থ নূর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর জাতীয় পার্টির যাত্রাবাড়ী ও ডেমরা থানা উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফিরোজ রশীদ বলেন, এরশাদের আহবানে জাতীয় পার্টির ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও বিএনপিসহ সবাই এক টেবিলে বসার পর আমরা আশা করেছিলাম তাদের দলীয় ইফতারেও পরস্পর একত্রিত হবেন। কিন্তু সেখানে তারা কেউ কারও আমন্ত্রণ গ্রহণ করেননি। এটাও রাজনীতিতে অশনি সংকেত।
ঢাকা-৫ আসনে জাপা সমর্থিত প্রার্থী ও যাত্রাবাড়ী থানা জাতীয় পার্টির সভাপতি হাজী তুহিনুর রহমান (নুরু হাজী)’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐ আসনের সাবেক এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, নগর জাপা নেতা আকতার হোসেন দেওয়ান, খোরশেদ আলম খুশু, কাউসার আহমেদ, সোবহান মিয়া প্রমুখ।