হিজড়া-হরিজন-দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভাতা বিতরণ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৬
হিজড়া, হরিজন, দলিত ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ ভাতা ও উপবৃত্তি প্রদান করেছে। শহর সমাজসেবা কার্যক্রম-৮ মিরপুর ঢাকার আয়োজনে এসব সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে এই ভাতা ও বৃত্তি প্রদান করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে মিরপুরে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই ভাতা বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন পিপলস অর্গানাইজেন অব অরবল্যান্ডের (পুল) মহাসচিব সুমনা সামাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সমাজসেবা কার্যক্রম-৮এর সমাজসেবা কর্মকর্তা স্বপন কুমার হালদার।
প্রধান অতিথির ভাষণে মো. রফিকুল ইসলাম বলেন, সমাজের এই অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বর্তমান সরকারের কল্যাণমুখী কার্যক্রমেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করি প্রাপ্ত এ সহযোগিতার অর্থ সুবিধাভোগিগণ তাদের প্রয়োজনীয় ভালো কাজে লাগানোসহ নিজের জীবনকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবেন। ভাতাপ্রাপ্তরা বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষ, আমরা আজীবন নানাভাবে বঞ্চিত হয়ে আসছি। বর্তমান সরকার এবং সরকার প্রধান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমাদের দিকে যেটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য আমরা চির কৃতজ্ঞ।