জন্ম দিন

সামিনা চৌধুরী

পারিবারিক ঐতিহ্যের সাথে যখন সম্মিলন ঘটে সৃষ্টির প্রতিভা আর সামর্থ্যের সবটুকর তখন তা তৈরি করে ভিন্ন এক বার্তা। আর দেশীয় সংগীতের আঙ্গিনায় এই ঐতিহ্য ও প্রতিভার যুগলবন্দী ঘটিয়ে যিনি দীর্ঘদিন থেকে শ্রোতাদের প্রিয় শিল্পীর আসনটি দখল করে আছেন তিনি সামিনা চৌধুরী। একসময় বাবা মাহমুদুন্নবী দেশীয় গানকে যে অন্যরকম উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সেই ভিত্তি ভূমি থেকেই যেন সফলতার সূত্রপাত ঘটিয়েছিলেন সামিনা। আর তাই সংগীত ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও আজও তার জনপ্রিয়তায় কমতি পড়েনি এতটুকু। ছোটবেলায় অভিনয়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে পা রাখলেও অল্প কিছুদিনের মাঝেই তিনি যুক্ত হন গানের ভুবনে। নেহাত ভালো লাগা থেকে লতা মঙ্গেশকরের গান যখন তিনি গুনগুনিয়ে গাইতেন তখনই তার সামর্থ্যটা বোঝা হয়ে গিয়েছিল পরিবারের সকলের। আর পারিবারিক পৃষ্ঠপোষকতা এবং সেই সাথে একাধিক ওস্তাদের তালিমই ক্রমে ক্রমে সামিনা চৌধুরীকে পরিণত করে আজকের দিনের অন্যতম সেরা একজন গায়িকাতে। ১৯৮১ সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম অডিও অ্যালবাম ‘শৈশবের দিনগুলো’। এ ছাড়া নানা সময়ে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘সাত ভাই চম্পা’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘দুই চোখে দুই নদী’, ‘এই বুঝি তুমি এলে’ প্রভৃতি। আগামী ৮ আগস্ট আমাদের দেশের এই গুণী সংগীতশিল্পীর জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’-এর পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে যাদের জন্মদিন ২ আগস্ট :ভিক্টোরিয়া জ্যাকসন, বিনোদ চোপড়া ৩ আগস্ট :আব্দুল মান্নান সৈয়দ, আতিউর রহমান ৪ আগস্ট :আরবাজ খান ৫ আগস্ট :মহাদেব সাহা, কাজল ৭ আগস্ট :রামেন্দু মজুমদার, শার্লিজ থেরন