খোঁজখবর
প্রকাশ : ৩১ জুলাই ২০১৩, ২০:১০
নীলাঞ্জনা চরিত্রে
লাক্সতারকা মম এবার নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করলেন। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নামের টিভি ফিল্মে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। একটি ফিল্মকে যে যে কারণে ফিল্ম বলা হয় তার সবই আছে টেলিভিশনের জন্য নির্মিত এই ফিল্মে। আছে দর্শকের ভালোলাগার মতো কাহিনী, সেইসাথে আছে নতুন দুটি গান। দুটি গানের একটি গেয়েছেন তাহসান ও অন্যটি গেয়েছেন মিনার মাহমুদ। ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-ই হচ্ছে এই ফিল্মের মূল প্রতিপাদ্য বিষয়। এই টিভি ফিল্ম প্রসঙ্গে মম বলেন, ‘কয়েকদিন যাবত ডেঙ্গুজ্বরে ভুগছি। কিন্তু তারপরও ভালো গল্প বলে কাজটি বেশ আন্তরিকতা নিয়েই করছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’ উল্লেখ্য, ‘নীলপরী নীলাঞ্জনা’ টিভি ফিল্মটি ঈদে এনটিভিতে প্রচার হবে।
ঈদে টিভির পর্দায়
একমাত্র ছেলে নিবিড় কুমারের আবদার রাখতেই সম্প্রতি ঢাকা ছেড়ে আমেরিকার নিউ জার্সিতে পাড়ি জমিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্। যাবার আগে তিনি তার ভক্ত দর্শকের কথা চিন্তা করেই বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। এসএ টিভিতে ‘কুমার বিশ্বজিতের গান’ নামক অনুষ্ঠানে তিনি গাইবেন আটটি গান। এশিয়ান টিভিতে ‘দুই বাংলার তারা’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন। এটিএন বাংলার ‘স্মাইল শো’-তেও তিনি গান গাইবেন। এ ছাড়া ‘প্রতিচ্ছবি’ শিরোনামের অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন দর্শকরা। ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি। বাংলাভিশনে হবে কুমার বিশ্বজিত্ ও আইয়ুব বাচ্চুর এক্সক্লুসিভ সাক্ষাত্কার বিষয়ক অনুষ্ঠান ‘আমার আমি’।
এবার সুচিত্রা সেন
দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম এবার সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন। ইরাজ আহমেদ রচিত ‘উত্তম কুমার সুচিত্রা সেন’ নাটকটি অপি করিম সুচিত্রা সেন চরিত্রে অভিনয় না করলেও গল্পের ভেতরে দর্শক এমন কিছু পাবেন যা ভালো লাগবে দর্শকের। দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই নাটকের গল্পটি আপাতত দর্শককে জানাতে চাচ্ছেন না তিনি। আর উত্তম কুমার চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এই নাটকে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘কয়েক বছর বিরতির পর নতুন কাজটি করে ভালো লাগছে।’ উল্লেখ্য, ঈদ উপলক্ষে এরইমধ্যে অপি করিম শেষ করেছেন সাগর জাহান পরিচালিত ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’, নুজহাত আলভী আহমেদের ‘দেয়ালের ওপারে আছে আকাশ’সহ আরও দুটি নাটকের কাজ।
বাঁশিওয়ালার প্রেমে
একজন বাঁশিওয়ালা মুরাদ, আর এই বাঁশিওয়ালাকেই ভালোবাসে চামেলী নামের গাঁয়ের এক সহজ সরল মেয়ে। একদিন বাঁশিওয়ালার জীবনে পরিবর্তন এলেও চামেলীকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। কিন্তু বাঁশিওয়ালার প্রতি এবং তার পরিবর্তিত আভিজাত্য জীবনের প্রতি ভালোবাসা জন্ম নেয় অন্য কারও। এগিয়ে যায় গল্প। গ্রামীণ পটভূমির এই গল্পে চামেলী চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। প্রভাত আহমেদ রচিত ও জামাল মল্লিক পরিচালিত এই খণ্ড নাটকটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে। তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন। নাটক প্রসঙ্গে রুনা খান বলেন, ‘চামেলী চরিত্রটি বলা যায় অনেকদিন পর আমার মনের মতো একটি চরিত্র। দর্শকের নাটকটি অনেক ভালো লাগবে।’
ঈদে কাজী শুভর নতুন মিউজিক ভিডিও
গেল ভালোবাসা দিবসে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে লেজারভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছিল দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস’। ১৫ জন শিল্পী নিয়ে করা সেই অ্যালবামের ‘সারাটি জনম’ শীর্ষক একটি গানে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দেন জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও নাওমি। গানটির সুর করেন শুভ। ইতোমধ্যে এই গানটি বেশ ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার সেই ধারাবাহিকতায় এই গানটির একটি মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে সম্প্রতি। গানটিতে একাধারে গায়ক ও মডেল হিসেবেও কাজ করেছেন কাজী শুভ। গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন নাশিন কবির ইনা। ‘সারাটি জনম’ নামের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল হাফিজ খান। গানটি আসছে ঈদ উপলক্ষে খুব শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। নতুন এই মিউজিক ভিডিওতে অংশ নেওয়া সম্পর্কে কাজী শুভ বলেন, ‘আসলে গল্পনির্ভর গানের মিউজিক ভিডিও দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত। সেদিক থেকে ‘সারাটি জনম’-এর মিউজিক ভিডিও বেশ অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে মিউজিক ভিডিওটি।’