অ্যালবাম প্রচারণায় আসিফের সারাদেশ ঘোরার উদ্যোগ

অডিও যুবরাজ আসিফ আবারও ফিরেছেন অডিও অ্যালবামে। যে অ্যালবাম প্রকাশ উপলক্ষে গত ৩০ জুলাই ভিন্ন আয়োজনে প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে পাটুয়াটুলীর মুন কমপ্লেক্সে। আসিফের আলোচিত নতুন অ্যালবাম ‘এক্স প্রেম’ প্রকাশ উপলক্ষে গতকাল পাটুয়াটুলীর সব অডিও অ্যালবাম ব্যবসায়ী-কর্মচারী এক হয়েছেন। এ ছাড়াও অ্যালবামটি নিয়ে সারাদেশে আসিফ ঘুরবেন বলে জানিয়েছেন। শুধু গানের উদ্দেশ্যে নয়, অডিও অ্যালবাম ও অডিও ইন্ডাস্ট্রির এই ক্রান্তিকাল থেকে রক্ষা করতেই আসিফের এই উদ্যোগ। অডিও প্রযোজকদের সংগঠন এমআইবির নেতৃত্বে এ প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয় বেলা ৩টার দিকে। বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অডিও প্রযোজক-পরিবেশক-দোকানি-কর্মচারীরা আসিফ আকবর এবং তার অ্যালবামে প্রত্যাবর্তনকে স্বাগত জানান মুহুর্মুহ করতালির মধ্য দিয়ে। এরপর ‘এক্স প্রেম’ অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করা হয় সম্মিলিতভাবে। এ সময় আসিফ ছাড়াও উপস্থিত ছিলেন এমআইবির সহ-সভাপতি অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন, মহাসচিব সিএমভির শেখ শাহেদ আলী পাপ্পু, যুগ্ম মহাসচিব সিডি চয়েজের জহিরুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ঈগল মিউজিকের কচি আহম্মেদ, কোষাধ্যক্ষ সুরঞ্জলির কাইয়ুম খান, প্রচার সম্পাদক সিডি জোনের আবদুল্লাহ বুলুসহ পাটুয়াটুলীর অগণিত দোকান মালিক-কর্মচারী। ভিন্নধারার আনন্দমুখর এ প্রকাশনা উত্সব প্রসঙ্গে আসিফ বলেন, ‘বরাবরই আমি নিজেকে অডিও ইন্ডাসিট্র তথা এই পাটুয়াটুলীর একজন সৈনিক হিসেবে মনে করে আসছি। কারণ, এটাই অডিও ইন্ডাস্ট্রির মূল সুতিকাগার। আমি এখানে ছিলাম, মাঝখানে তিন বছর আড়ালে ছিলাম। ফেরার পর আজ আবারও এই পাটুয়াটুলীতেই এসেছি। বলে রাখা ভালো, পুরান ঢাকার এ পাটুয়াটুলীতে প্রায় ৩৫ বছর আগে গড়ে উঠেছিল অডিও বাজার। যেটি এখন পরিণত হয়েছে অডিও ইন্ডাস্ট্রিতে।’ উল্লেখ্য, ‘এক্স প্রেম’ আসিফের ২৯তম একক অ্যালবাম। যা গতকাল প্রকাশ পেয়েছে একযোগে সারাদেশে। অ্যালবামটি প্রকাশনার দায়িত্বে রয়েছে এমআইবি। আর পরিবেশন করছে ১৮টি প্রতিষ্ঠান। এ ছাড়া মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন থেকেও গানগুলো ডাউনলোড করা যাবে। ‘এক্স প্রেম’ অ্যালবামটিতে মোট গান রয়েছে ১৪টি। গানগুলোর শিরোনাম ‘চাঁদবতী’, ‘বোকা প্রেমিক’, ‘প্রতিশোধ’, ‘মন ফেরানো গেল না’, ‘কার প্রেমে পড়বে’, ‘এক্স প্রেম’, ‘রং তুলি’, ‘শোনো কোনো একদিন’, ‘কী চাই তোমার’, ‘সাদা কালো প্রেম’, ‘অন্য যুবক’, ‘নেই ব্যবধান’, ‘পিছুটান’ ও ‘সখা’। এর মধ্যে ‘শোনো কোনো একদিন’ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের। এটির কথা ও সুর সলিল চৌধুরীর। বাকি গানগুলোর কথা লিখেছেন—শহীদুল্লাহ ফরায়জী, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও হাসান জান। সুর করেছেন আলতাফ সিদ্দিকী, মনোয়ার হোসেন টুটুল, বাউল লতিফ শাহ্, নাজির মাহমুদ, জাহিদ বাশার পংকজ ও রাজেশ।